শনিবার ভোর থেকে মাউন্ট মঙ্গানুইয়ে গড়িয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। খুব বেশি সাফল্য নেই এই সিদ্ধান্তে। দুই সেশনে দুটি উইকেট নিতে পেরেছে সফরকারীরা। বড় স্কোরের দিকে আগাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। তৃতীয় সেশনে (চলমান) স্বাগতিকদের রান ২ উইকেটে ১৮৪।
উইকেটে সবুজের ছোঁয়া। তবে টিভিতে ম্যাচপূর্ব আলোচনায় ব্রেন্ডন ম্যাককালাম, গ্রান্ট এলিয়ট, মার্ক রিচার্ডসনরা বারবারই বললেন, ‘নিউ জিল্যান্ডে যতটা সবুজ উইকেট থাকে, ততটা নয় এই উইকেট।’সেই ২২ গজে নতুন বলে দারুণ বোলিং উপহার দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। কিন্তু ইবাদত বোলিংয়ে আসার পর আলগা হয়ে যায় চাপ। পরে তাসকিন-শরিফুলও আর ততটা ভালো করতে পারেননি। প্রভাব রাখতে পারেননি একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজও।
বে ওভালে দিনের শুরুতেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া টম লাথাম ফিরে যান চতুর্থ ওভারে। শরিফুলের ভেতরে ঢোকা বল ল্যাথামের ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে যায় উইকেটের পেছনে। বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন লিটন। ১ রানে ফেরেন কিউই অধিনায়ক।